তারেক রহমানের প্রার্থীকে জয়ী করতে ঐক্যবদ্ধ বিএনপি — নুরুল আফসার বাহাদুর
- আপডেট সময় : ০১:১৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
- / 95
নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ–কবিরহাট) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দৈনিক আপন খবর পত্রিকার সম্পাদক নুরুল আফসার বাহাদুর বলেছেন, “আগামী নির্বাচনে আমাদের নেতা তারেক রহমান যাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করবেন, আমরা সবাই মিলে তাকে সর্বোচ্চ ভোটে বিজয়ী করব। কবিরহাট ও কোম্পানীগঞ্জের জনগণ ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।”
সোমবার (২০ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত তিনি কবিরহাট উপজেলার নতুন শাহজীর হাট ও কালামুন্সী বাজারে বিএনপির ৩১ দফার বই ও লিফলেট বিতরণ করেন এবং ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ পরিচালনা করেন।
নুরুল আফসার বাহাদুর আরও বলেন, “কবিরহাট ও কোম্পানীগঞ্জের মানুষ ধানের শীষের পক্ষে উজ্জীবিত। স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন আমাকে অনুপ্রাণিত করেছে।”
গণসংযোগ শেষে রাতে তিনি ভূঞার হাট বাজারে এক পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মানছুরুল হক বাবর, সিরাজপুর ইউনিয়ন বিএনপির নেতা মোঃ বাবুল, চরপার্বতী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রাহাত, বসুরহাট পৌর বিএনপির নেতা তাজুল ইসলাম স্বপনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
পথসভা শেষে নুরুল আফসার বাহাদুর সিরাজপুর ইউনিয়নের চাঁড়াভিটি বাজারে ৩১ দফার বই ও লিফলেট বিতরণ এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন।



















